মান্না চন্দ. টিওডি. হরিরামপুর ও কুমারগঞ্জ
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরে তৃণমূল কংগ্রেসের ডাকে এক বৃহৎ জনসভার আয়োজন করা হয়। হাজারীপাড়া মাঠে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হরিরামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এছাড়াও জেলার বাকি পাঁচটি বিধানসভা আসনের তৃণমূল প্রার্থীরাও সভায় উপস্থিত ছিলেন।
সভা থেকে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, দেশের পাঁচটি রাজ্যে নির্বাচন চলছে এবং বাংলায় বিপুল সংখ্যক অফিসার বদলি করা হয়েছে। তাঁর অভিযোগ, বিরোধীরা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে এবং ভোটাধিকার খর্ব করতে চাইছে। কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার আশঙ্কাও তিনি প্রকাশ করেন এবং সকলকে সতর্ক থেকে শান্তিপূর্ণভাবে ভোটদানের আহ্বান জানান।
মালদার সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক হলেও সিআইডি মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, যিনি বাইরে থেকে এসে অশান্তি তৈরির চেষ্টা করছিলেন। তাঁর দাবি, রাজ্যের বাইরে থেকে লোক এনে পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।তিনি লক্ষীর ভান্ডার, যুব সাথী সহ, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্যের কথাও তুলে ধরেন এবং বলেন, “আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, তা বাস্তবায়নও করি।"২৯৪ আসনেরই প্রার্থী তিনি এই ধরে নিয়ে তৃণমূলের প্রার্থীদের জেতানোর আহ্বান জানান মমতা । জেলার উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, বালুরঘাটে রেললাইন চালু করা তাঁর উদ্যোগেই সম্ভব হয়েছে এবং বুনিয়াদপুরে রেল ওয়াগন ফ্যাক্টরি স্থাপনের প্রস্তাবও পাশ করানো হয়েছিল। যদিও তাঁর অভিযোগ, বিজেপির নেতারা সেই প্রকল্প বন্ধ করে দিয়েছেন।
অন্যদিকে, এই বক্তব্যের পাল্টা জবাব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । কুমারগঞ্জ বিধানসভার সাফানগরে প্রচারসভা থেকে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ভুলে গিয়েছেন যে তাঁকে রেলমন্ত্রী করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী।তিনি কটাক্ষ করে আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এমন রেল পরিষেবা দিয়েছিলেন, যেখানে ট্রেন স্টেশনে ঢোকার আগে থেমে যেত। যাত্রীরা ট্রেন থেকে নিচে নেমে যেত। তারপর রেল কর্মীর সহায়তায় হাত দিয়ে লাইন সোজা করে, তারপর ট্রেন ঢুকত। যা ব্রিটিশ আমলের পুরনো ব্যবস্থার মতো।” পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমানে বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর স্টেশন এবং বালুরঘাট–হিলি রেল প্রকল্পের কাজ দেখলেই উন্নয়ন বোঝা যাবে।
মুখ্যমন্ত্রীর “২৯৪ আসনের প্রার্থী” মন্তব্য নিয়েও সুকান্ত কটাক্ষ করে বলেন, “এটা তিনি প্রতি বারই বলেন। কিন্তু যখনই কোনও দুর্নীতি সামনে আসে, তখন বলেন,আমি জানতাম না।” পাশাপাশি তিনি দাবি করেন, এবার নির্বাচনে তৃণমূল পরাজিত হবে এবং বিজেপি ক্ষমতায় আসবে।






0 Comments