ছাত্রদের ছাপিয়ে গেল ছাত্রীরা
মান্না চন্দ.টিওডি. কুমারগঞ্জ
আসন্ন মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলায় চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জেলা জুড়ে এ বছর মোট ৫৩ টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এরমধ্যে ১১ টি মেন ভেন্যু এবং ৪২টি সাব-ভেন্যু নির্ধারিত হয়েছে। এ বছরে দক্ষিণ দিনাজপুর জেলায় মাধ্যমিক পরীক্ষায় সকলের নজর কেড়েছে ছাত্রীদের অংশগ্রহণের আধিক্য দেখে। সবচেয়ে নজর কাড়া উল্লেখযোগ্য বিষয় হলো এবছর ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে ছাত্রীদের তুলনায় অনেকটাই কম।
চলতি বছরে জেলায় নিয়মিত ও অনিয়মিত সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২২ হাজার ৬৯৮ জন। যার মধ্যে নিয়মিত হিসাবে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৮৮৩ জন।ছাত্র পরীক্ষার্থী সংখ্যা মাত্র ৮ হাজার ৭৭৩ জন। শুধু গোটা জেলার পরিসংখ্যানই নয় বরং লক্ষ্য করলে দেখা যাবে কুমারগঞ্জের মত প্রত্যন্ত গ্রামেও মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের অংশগ্রহণের সংখ্যা ছাত্রদের তুলনায় অনেকটাই বেশি। পরিসংখ্যান অনুযায়ী এবছর কুমারগঞ্জ ব্লকে মোট ১১৮৬ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে। যার মধ্যে ছাত্রী সংখ্যা ৬৯০ জন এবং ছাত্র সংখ্যা ৪৯৬ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ১৯৪ জন বেশি ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছে। এই পরিসংখ্যান শিক্ষা ক্ষেত্রে ছাত্রীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের ইতিবাচক দিক তুলে ধরছে বলে মনে করছেন শিক্ষা মহল।
 |
| চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি |
এই ব্লকের চারটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমারগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে অন্যান্য বিদ্যালয়ের মোট ৩৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে যার মধ্যে ১৫৩ জন ছাত্র ও ১৯৫ জন ছাত্রী রয়েছে। গোপালগঞ্জ আরএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৩৭৭ জন এরমধ্যে ৯৬ জন ছাত্র এবং ১৫৩ জন ছাত্রী।সাফানগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ২৪৯ জন পরীক্ষার্থী যার মধ্যে ৯৬ জন ছাত্র ও ১৫৩ জন ছাত্রী। ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২১২ জন। যেখানে ৯৩ জন ছাত্র ও ১১৯ জন ছাত্রী আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে।
 |
ছবি:এআই-এর সাহায্যে নির্মিত |
নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যাও বিশেষভাবে উল্লেখযোগ্য। তথ্য অনুযায়ী নিয়মিত ছাত্র পরীক্ষার্থী ৪৫৬ জন। অনিয়মিত ৪০ জন ছাত্র মিলিয়ে মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৬ জন। অপরদিকে নিয়মিত ছাত্রী পরীক্ষার্থী ৫৮৮ জন এবং ১০২ জন অনিয়মিত ছাত্রী যুক্ত হয়ে মোট ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা হয়েছে ৬৯০ জন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলার সমস্ত ৫৩ টি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা, স্বাস্থ্যপরিসেবা, পানীয় জল ও প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা রাখা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষা দপ্তরের ডিআই (মাধ্যমিক) সুজয় কৃষ্ণ মোহন্ত বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে জেলা ও ব্লক প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
0 Comments