December 16,2025
মান্না চন্দ.টিওডি.কুমারগঞ্জ
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমারগঞ্জ ব্লকের অধীন মোট ৭ হাজার ২১৮ জন ভোটারের নাম বাদ গেল। উল্লেখ্য, জেলা নির্বাচন দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী ৪ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলা এই বিশেষ পর্বে মোট ১২ লক্ষ ৫০ হাজার ৫৬৪ জন ভোটারের কাছ থেকে এনুমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছে। যা মোট ভোটারের ৯৩.৯২ শতাংশ। কুমারগঞ্জ ব্লক প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী কুমারগঞ্জ ব্লকের মোট বুথের সংখ্যা ১৪১ টি। এসআইআর হবার পর মোট ১ লক্ষ ৩৩ হাজার ৫২২ জন ভোটারের কাছ থেকে এনুমারেসন ফর্ম সংগ্রহ করা হয়েছে।বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর এই সময়ে মৃত ভোটারের সংখ্যা ৩ হাজার ৭৩৩ জন। এছাড়াও স্থানান্তর, অনুপস্থিতি ও অন্যান্য কারণে ফর্ম জমা না দেওয়া ভোটারের সংখ্যা মোট ৩ হাজার ৩১৬ জন। একাধিক স্থানে ভোটার হিসাবে নাম অধিভুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে ১৬৯ জনের। যাচাই শেষে তাদের নাম একটি মাত্র স্থানে রাখা হবে জানানো হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার বালুরঘাটে অবস্থিত জেলা প্রশাসনিক ভবনের আত্রেয়ী সভা হলে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয় জেলা প্রশাসনের তরফে। সেখানে জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এসআইআর সম্পর্কিত প্রকাশিত হওয়া খসড়া তালিকা উপস্থিত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বালাসুব্রামানিয়ান টি. জানান,"জেলা প্রশাসনের তরফে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এর জন্য প্রকাশিত হওয়া খসড়া ভোটারতালিকা উপস্থিত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে। শুনানি, ত্রুটি সংশোধন এবং নাম সংযোজন বা বিয়োজন সংক্রান্ত পরবর্তী পর্যায়গুলো নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সম্পন্ন করা হবে।"



0 Comments